২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

এনবিআরে তথ্য চাইলেও ঘুষ!

সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামীম আহমেদ এ অভিযোগ তুলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 02:44 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

গবেষণার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য চাইতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়ার কথা জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) একজন।

তার ভাষ্য, তিনি গবেষণার জন্য তথ্য চাইলেও ঘুষ চেয়ে বসেন এনবিআর কর্মকর্তারা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সংলাপে করপোরেট কর নিয়ে এক গবেষণার ফল উপস্থাপনের সময় এ অভিযোগ করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামীম আহমেদ।

তিনি বলেন, “এনবিআরে ডেটা আনতে গেলে দুঃখজনকভাবে আমার কাছেও ঘুষ দাবি করা হয়েছিল।”

এনবিআরে তথ্য চেয়ে ‘বিড়ম্বনার’ মুখে পড়ার কথা সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমও।

তিনি বলেছেন, “আমরাও চেয়েছিলাম ’২৫ সালের ডেটা নিয়ে গবেষণা করতে। কিন্তু আনফরচুনেটলি এনবিআরে তথ্য চেয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে।”

তবে কোন ধরনের বিড়ম্বনার মুখে পড়েছিলেন তা তিনি স্পষ্ট করেননি।

এ সময় এনবিআর সদস্য সৈয়দ মুশফিকুর রহমান উপস্থিত থাকলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান অনুষ্ঠানে যোগ দেন। তিনি আলোচনার একপর্যায়ে স্বীকার করেন, এনবিআর কর্মকর্তাদের মধ্যে ঘুষ নেওয়ার প্রবণতা আছে। এ পরিস্থিতি উত্তরণে তারা কাজ করছেন।  

 অনুষ্ঠানে সিপিডি জানায়, তারা ঢাকা ও চট্টগ্রামের ১২৩টি কোম্পানির করপোরেট কর সংক্রান্ত তথ্য নিয়েছে। অন্যদিকে ভ্যাট সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে ৩৮৯টি ব্যবসা প্রতিষ্ঠানের।

গবেষণায় বলা হয়, ৭২ শতাংশ কোম্পানি মনে করে, করপোরেট করের ক্ষেত্রে কর কর্মকর্তাদের দুর্নীতি তাদের জন্য ‘অন্যতম প্রধান চ্যালেঞ্জ’। ৮২ শতাংশ মনে করে, তাদের উপর ‘অন্যায্য’  কর হার বসানো হয়েছে।

আর ৭৯ শতাংশ কোম্পানি মনে করে, এনবিআর কর্মকর্তাদের ‘জবাবদিহিতার ঘাটতি’ তাদের জন্য ‘অন্যতম প্রধান চ্যালেঞ্জ’।