১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লালবাগে বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে আসামির একটি কারখানা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 12:23 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

ঢাকার লালবাগ থেকে নিখোঁজের তিন দিন পর এক ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার গভীররাতে বিসি দাস স্ট্রিটের পাঁচতলা একটি ভবনে পুলিশ অভিযান শুরু করে। শুক্রবার ভোরে নিচতলার পাশে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

নিহত ব্যবসায়ীর নাম শেখ ওয়াসিম রনি। এ ঘটনায় তার বন্ধু মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশের লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান বলেন, ব্যবসায়ী ওয়াসিম রনি নিখোঁজ ছিল বলে গত ৮ সেপ্টেম্বর লালবাগ থানায় জিডি করেন তার স্বজনরা। সেই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে। 

“পরে মাসুমের দেখানো মতে তার বাসার পেছন থেকে মাটিতে বালুচাপা দেওয়া অবস্থায় রনির লাশ উদ্ধার করা হয়।”

পুলিশ বলছে, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে আসামির একটি কারখানা রয়েছে।