২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গ্যাসের আগুন: মা-বাবা, ভাইয়ের পর চলে গেল আব্দুল্লাহ

মোহাম্মদ ও আবদুল্লাহর আরেক ভাই ইসমাইল শরীরে ২০ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 01:52 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

ঢাকার মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে দুই পরিবারের সাতজন দগ্ধ হওয়ার ঘটনায় বাবা-মা ও ছোট ভাইয়ের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৩ বছর বয়সী আব্দুল্লাহ।

শুক্রবার সকাল সোয়া ৬টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি বলেন, আব্দুল্লাহ শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিল। 

আব্দুল্লাহকে নিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চার জনের মৃত্যু হল।

গত ১ ডিসেম্বর রাতে আব্দুল্লাহর ছোটভাই ১০ বছর বয়সী মোহাম্মদ শরীরে ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে তাদের মা রুমা গত ৩০ নভেম্বর এবং বাবা খলিল ২৬ নভেম্বর মারা যান।

গত ২৪ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় আগুনের ঘটনায় খলিল, তার স্ত্রী ও তিন শিশুসহ ৭ জন দগ্ধ হয়।

মোহাম্মদ ও আবদুল্লাহর আরেক ভাই ইসমাইল শরীরে ২০ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনিস্টিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে।

চিকিৎসক শাওন এর আগে বলেছিলেন, খলিলের দুই সন্তান আবদুল্লাহ ও মোহাম্মদের অবস্থাও আশঙ্কাজনক।

অন্য পরিবারের দগ্ধ দুজন হলেন শাহজাহান (৩৫) ও তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।