রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতি নাহিদের, তদবির না করার অনুরোধ আসিফের
“বৈষম্যবিরোধী আন্দোলন সরকার ও রাজপথে উভয় জায়গায় উপস্থিতি রাখবে,” বলেন নাহিদ।
রাষ্ট্র পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “আনন্দ উদযাপনের সময় এখনো আসেনি। শহীদের রক্ত ও লক্ষ মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন। এখনো অনেক দূর যাওয়া বাকি।
“বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে।”
বৃহস্পতিবার রাতে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর নাহিদ ফেইসবুক পোস্টে এ মন্তব্য করেন।
যে প্ল্যাটফর্মের আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আসা নাহিদ লিখেছেন, “বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নসহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখনো ফ্যাসিস্ট রেজিম সমূলে উৎপাটন করা হয়নি।”
তিনি বলেছেন, “জাতীয় স্বার্থে ও গণঅভ্যুত্থান রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম।
“শিক্ষার্থীরা এখনো রাস্তায় থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। তাদেরকে সাধুবাদ জানাই। আশা করি, খুব দ্রুতই আইনশৃঙ্খলার পরিবেশ ও জনজীবনে নিরাপত্তা ফিরে আসবে।”
সবার দোয়া ও ভালবাসা কামনা করে নাহিদ লিখেছেন, “আপনাদের সকল ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে৷”
অভ্যুত্থানকারী ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “অভ্যুত্থানের শহীদদের স্মরণ করছি ও আহতদের প্রতি সমবেদনা। সারাদেশের সকল সমন্বয়কের প্রতি আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতা। সকলের আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারছি।
“বৈষম্যবিরোধী আন্দোলন সরকার ও রাজপথে উভয় জায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সকলকে পাশে থাকার আহ্বান জানাই।”
তদবির না করার অনুরোধ আসিফের
অন্তর্বর্তীকালীন সরকারে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শপথ নেওয়ার পর তার কাছে আবদার ও তদবির করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
ফেইসবুকে তিনি বলেন, “ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।”
আরেক পোস্টে আসিফ লেখেন, “শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি, তা পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সচেষ্ট থাকব, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারে আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য।”
