রাষ্ট্রপতির সঙ্গে আইসিএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রতিনিধি দল এসএএফএ সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানায় এবং রাষ্ট্রপ্রধান তাতে সম্মতি দেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রতিনিধি দল।
সোমবার বঙ্গভবনে এ সাক্ষাৎ হয় বলে রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে।
ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ।
বৈঠকে দেশের প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা নিশ্চিতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য দেশের চার্টার্ড অ্যাকাউনট্যান্টস পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, সরকারি-বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা ও বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখতে চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইসিএবির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
প্রতিনিধি দল আগামী নভেম্বরের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (এসএএফএ) সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।
সাক্ষাতের সময়ে রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
