২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাধিকার হিসেবে পেয়েছি ভঙ্গুর অর্থনীতি: তথ্যমন্ত্রী

“কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, তা চিহ্নিত করতে হচ্ছে,” বলেন তিনি।

উত্তরাধিকার হিসেবে পেয়েছি ভঙ্গুর অর্থনীতি: তথ্যমন্ত্রী
রাজধানীর অফিসার্স ক্লাবে মঙ্গলবার ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির’ ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 06:44 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

বর্তমান সরকার গতানুগতিকভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতা গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আওয়ামী লীগ সরকারের সময়ের অনিয়মের কথা তুলে ধরে তিনি বলেছেন, “একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, রাজস্বের আওতায় আনা যায়নি, তা চিহ্নিত করতে হচ্ছে।

“ক্ষমতায় আসার আগেই আমরা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। এখন এই সমস্যাগুলো সংস্কার ও মেরামত করা না হলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না।”

রাজধানীর অফিসার্স ক্লাবে মঙ্গলবার দুপুরে ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির’ ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বীমা খাতকে শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোতে এনে জনগণের আস্থা ফেরানোর কথা তুলে ধরে তিনি বলেন, “কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ওপর ভিত্তি করে চলতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করতে এবং এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করতে হবে।”

মন্ত্রী বলেন, “বীমা কেবল একটি সেবামূলক কাজই নয়, এটি দেশের অর্থনীতিকে বেগবান করার অন্যতম উপাদান। যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা ও বীমার নিশ্চয়তা পান, তখন তিনি ভবিষ্যৎ সম্পর্কে নিরাপদ বোধ করেন।

“একইসঙ্গে সুচিন্তিতভাবে তার প্রতিভা ও উদ্যোগ কাজে লাগাতে পারেন। আর এভাবেই সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের উল্লম্ফন ও গতি তৈরি হয়।”

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সিইও মো. কাজিম উদ্দিনও অনুষ্ঠানে কথা বলেন।