২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

পলকের ব্যক্তিগত কর্মকর্তা সুব্রত রিমান্ডে

শেরেবাংলা নগর থানা এলাকা থেকে সুব্রতকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 07:05 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত কর্মকর্তা, নাটোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুব্রত কুমার সরকারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তার এক দিনের রিমান্ড আদেশ দেন।

সুব্রত কুমারের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ডের তথ্য দিয়েছেন।

মঙ্গলবার শেরেবাংলা নগর থানা এলাকা থেকে সুব্রতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই রবিউল আওয়াল বুধবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। সুব্রতের পক্ষে তার আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদেশ দেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, গোপন খবরে পশ্চিম আগারগাঁও এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সুব্রতকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে এক কেজি ‘গান পাউডার’, ৪০০ গ্রাম ‘গন্ধক পাউডার’, ২০০ গ্রাম ‘সোহাগা পাউডার’ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানার এসআই আলতাফ হোসেন সরকার মঙ্গলবার রাতেই বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।