হজে ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে: উপদেষ্টা
“তাদের মডেল যদি পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে চালু করা যায়, তাহলে এদেশের হজযাত্রীরা স্বল্প খরচে হজ করতে পারবেন,” বলেন তিনি।
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে বলে মনে করছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার ঢাকা অফিসার্স ক্লাবে ‘সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। পরে তথ্য বিবরণীতে সেমিনারের বিষয়বস্তু তুলে ধরা হয়।
ইন্দো-মালয়েশিয়া মডেলে জনগণ ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে হজে যেতে পারেন।
এই মডেলের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, “এরূপ সঞ্চয়ের মাধ্যমে হজের খরচ নির্বাহের পদ্ধতি চালু থাকায় স্বল্প আয়ের মানুষও হজে যেতে পারেন। এ দুই দেশের উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী হজ সঞ্চয় স্কিমে সম্পৃক্ত থাকায় তাদের জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে।”
বাংলাদেশ হজ একাডেমি আয়োজিত এ সেমিনারে তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যে পরিবর্তন এনেছে, তা যেকোনো দেশের জন্য মডেল হতে পারে। তাদের মডেল যদি পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে চালু করা যায়, তাহলে এদেশের হজযাত্রীরা স্বল্প খরচে হজ করতে পারবেন।
ইসলামী ব্যাংকগুলোর সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ শামসুদ্দোহা, মুহাব্ববত হোসাইন ও মুফতি ইউসুফ সুলতান।
