Published : 12 Jun 2026, 12:45 PM
‘ছিনতাইতারীর হ্যাঁচকা টানে’ রিকশা থেকে পড়ে গিয়ে আহত এক নারী মারা গেছেন। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে ছয় দিন আগে ‘ছিনতাইতারীর কবলে’ পড়েন তিনি।
নিহত সোহেলী ইসলাম সোমা (৪২) এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে তার স্বজনেরা।
নিহতের ফুফাতো ভাই সরোয়ার পারভেজ সবুজ জানিয়েছেন ‘ছিনতাইয়ের’ ঘটনাটি ঘটেছে গেল ৬ জুন ভোরে; এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সোমার মৃত্যু হয়।
সবুজ বলছেন, দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটি কাটিয়ে কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোমা। গেল ৬ জুন ভোরে বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় চেপে সেন্ট্রাল রোডের বাসায় ফিরছিলেন মা ও মেয়ে।
“পথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা সোমার হাতব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় আছড়ে পড়েন, তার মাথা ঠুকে যায় সড়ক বিভাজকের সঙ্গে।”
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সবুজ।
পরে পাবনার ঈশ্বরদীতে সোমাকে তার নানা বাড়িতে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন সবুজ। তবে এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। নিহতের ময়নাতদন্তও করা হয়নি।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও এর আশেপাশের এলাকা পড়েছে ঢাকার মোহাম্মদপুর অথবা শেরেবাংলা নগর থানার আওতায়।
এ ছিনতাইয়ের বিষয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন ও শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেছেন, তারা এমন কোনো ঘটনার বিষয়ে ‘অবগত নন’।
তবে পার্বতীপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ বলছেন, সোমার মৃত্যুর বিষয়ে তারা শুনেছেন। কিন্তু থানায় কেউ অভিযোগ করেনি।