বাসের টিকেট কাটতে গিয়ে কমলাপুরে নিহত ১
গোপালগঞ্জে মেয়ের বাসায় যেতে কমলাপুরে বাসের টিকিট কাটতে গিয়েছিলেন ওই ব্যক্তি।
রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১টার দিকে বিআরটিসি ৬ নম্বর বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনায় পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তা প্রহরী রুহুল আমিন (৫৫) মারা যান।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বাসটির চালক মো. মোহনকে (২৯) আটকের পাশাপাশি বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মতিঝিল থানার এসআই আবু সালেহ শাহিন বলেন, খবর পেয়ে রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে জানান।
রুহুল আমিনের ছেলে শকিল শেখ বলেন, তাদের বাসা বাসাবো এলাকায়।
“বাবা ঈদের ছুটিতে আমার বোনের গোপালগঞ্জের বাসায় যাওয়ার জন্য কমলাপুরে বাসের টিকিট কাটতে গিয়েছিলেন। সেখানেই তিনি দুর্ঘটনায় পড়েন।”
