Published : 26 Apr 2026, 07:50 PM
রূপগঞ্জের ‘৩০০ ফুট’ সড়কে (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে।
নিহত ২১ বছর বয়সী রিফাত ও ১৯ বছর বয়সী সাকিব ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুরের বাসিন্দা।
রোববার দুপুর ১টার দিকে সড়কের জলসিঁড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি সোহেল রানা।
তিনি বলেন, “মোড়ে প্রাইভেটকারটি ঘুরছিল, তখন কাঞ্চন থেকে কুড়িলগামী সার্ভিস লেনে আসা দ্রুতগতির একটি বাইক এসে প্রাইভেটকারে ধাক্কা দেয়।
“এতে বাইকের আরোহী ডিগবাজি খেয়ে খানিকটা দূরে ছিটকে পড়েন এবং চালক গাড়িটির সঙ্গে আটকে ছিলেন। দুইজনের অবস্থাই ছিল গুরুতর।”
বাইকটির গতি প্রায় ১২০ কিলোমিটার ছিল বলে ভাষ্য ওসি সোহেলের।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তামৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়।
দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঘটনার পর বাইক ও কারটি জব্দ করার তথ্য দিয়েছেন ওসি সোহেল রানা।
তিনি বলেন, “নিহত দুইজনের বাবা প্রবাসী। তারা বাঞ্ছারামপুরের একটি কলেজের শিক্ষার্থী বলে জানতে পেরেছি। দুইজন সম্পর্কে মামা-ভাগিনা। হয়ত কোন কাজে তারা ঢাকা এসেছিলেন, আমরা খোঁজখবর নিচ্ছি।”
তিনি আরো বলেন, “ঘটনার সময় কারে দুজন ছিলেন, যেহেতু গ্লাস ভেগেছে, তাই তারা সামান্য আহত হয়ে থাকতে পারেন। দুর্ঘটনার পর অনেক লোকজনের ভিড়ের মধ্যে তারা গাড়ি রেখে চলে গেছেন।”