২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান, আনিসুল ৫ দিনের রিমান্ডে

এর আগে তারা ২৫ দিন রিমান্ডে ছিলেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 11:28 AM

Updated : 10 Sep 2026, 12:18 PM

রাজধানীর কোতোয়ালী থানার বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমান্ডে পেয়েছে আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান।

এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই রাশিদুল হাসান। তার বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। বিচারক সেই আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন শেখ হাসিনার সঙ্গে একই উড়োজাহাজে তার উপদেষ্টা সালমান এফ রহমানও দেশত্যাগ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে।

তবে গত ১৩ অগাস্ট নৌপথে দেশ ছেড়ে পালানোর সময়ে সালমানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়, যার মধ্যে ডলার, ইউরো, সৌদি রিয়াল, পাউন্ডসহ বিভিন্ন মুদ্রা ছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার, ৭২৬ সিঙ্গাপুরি ডলার এবং লাল রঙের ৩টি কূটনৈতিক পাসপোর্ট উদ্ধার করা হয়।

আর সালমান ফজলুর রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সংযুক্ত আরব আমিরাতের সাড়ে আট হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানি সোম,  ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরি ডলার, ১৫০ পাউন্ড, ১,৩২১ ইউরো, ৫০ হাজার বাংলাদেশি টাকা, ৬,২৩০ ভুটানি নগুলট্রুম, ২,০০০ ভারতীয় রুপি, ৩,২২০ থাই বাহত, সবুজ রঙের ৫টি পাসপোর্ট, লাল রঙের ১টি কূটনৈতিক পাসপোর্ট এবং কালো রঙের ১টি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।

এর আগে সালমান এফ রহমান ও আনিসুল হক দফায় দফায় ২৫ দিনের রিমান্ডে ছিলেন।