Published : 17 Jun 2026, 08:54 PM
জাতীয় সংসদের চেয়ারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন জয়নাল আবদিন ফারুক।
বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন নোয়াখালী-২ আসনের এ সংসদ সদস্য।
ফারুক বলেন, “এখানে ৩০০টির উপরে চেয়ার আছে। চেয়ারগুলোর অবস্থা, আমরা যারা ১৬ বছর…এখানে অধিকাংশ সহকর্মী পুলিশের দ্বারা নির্যাতিত— কারো কোমর নেই, কারো হাতে ব্যথা, কারো পিঠে ব্যথা। এই চেয়ারগুলোতে বসা, পেছনে গ্যাপ প্রায় তিন ইঞ্চি। যখন এখানে বসা হয়, তখন এই গ্যাপটা পূরণের একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার।”
ফারুক বলেন, “এই চেয়ারগুলোর ওজন দেখেন। এটা করা হয়েছিল, আমি জানি, আমি যখন ১৯৯১ সালে প্রথম মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে আপনার সঙ্গে এমপি হয়েছিলাম, এই চেয়ারগুলো সম্বন্ধে তখন প্রশ্ন করা হয়েছিল।
“রেকর্ড খুঁজলে আপনি পাবেন। তখন এই চেয়ারগুলো এত ওজন করা হয়েছে, যেন তুলে নিক্ষেপ করা না হয়। সেজন্য মনে হয় লোহার শিকল দিয়েও এটা বাঁধা।”
তিনি আরও বলেন, “একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঢুকলেন, দেখেন পেছনের পিন; সব হাত কেটে ফেলেছে, ধরা যায় না। দেখেন, এই চেয়ারগুলোর সব পিন ওপেন। প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে। এগুলো একটু দেখা দরকার।”
জাতীয় সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি নিয়ে মঙ্গলবার আপত্তি তোলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, এ ধরনের রীতি ইসলামের সঙ্গে ‘সাংঘর্ষিক’ এবং তা ‘শিরকের কাছে চলে যায়’।
মুজিবুর রহমানের এই আপত্তির বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান জয়নাল আবদিন ফারুক।
সাবেক এই চিফ হুইপ বলেন, “গত পরশু বিরোধীদলের সংসদ সদস্য মাথা নুইয়ে আপনাকে বা এই সংসদে সকল সংসদ সদস্যের মাথা নোয়ানোর বিষয়ে একটি বিষয় উত্থাপন করেছেন। আপনি বলেছেন, আপনি রুলস অব প্রসিডিউর পড়ে এটার সিদ্ধান্ত দেবেন। এ বিষয়টা একটা সিদ্ধান্ত দেওয়া দরকার।”
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মাথা নোয়ানোর বিষয়ে বলেন, “মাথা নোয়ানোর ব্যাপারে আমি পরবর্তীকালে জানাব।”
চেয়ারের বিষয়ে স্পিকার কিছু বলেননি। তবে পয়েন্ট অব অর্ডারে একাধিক বিষয় তোলায় ফারুককে সতর্ক করে দেন।
স্পিকার বলেন, “পয়েন্ট অব অর্ডারে সাধারণত একটা বিষয় হয় এবং তাও বাজেট সেশনে পয়েন্ট অব অর্ডার অ্যালাউ করা হয় না।
“যাই হোক, তবু আপনাদের একটু বিরতি দেওয়ার জন্য, রিল্যাক্স করার জন্য আমি এটি অ্যালাউ করেছি। পরবর্তীকালে মাথা নোয়ানোর ব্যাপারে জানাব।”