১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোনালী লাইফের প্রয়াত চেয়ারম্যানসহ ৮ জনের ১৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এর আগে গত ২২ অক্টোবর এই আট জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তহবিল থেকে ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রয়াত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস, স্ত্রী ফজলুতুননেসাসহ আট জনের ১৪১টি ব্যাংক হিসাব ও ১১টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত 

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনে রোববার এ আদেশ দেন। 

আরও যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ হয়েছে তারা হলেন- গোলাম কুদ্দুসের মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়া, তাসনিয়া কামরুন অনিকা, ছেলে মোস্তফা কামরুল সোবহান, কামরুলের স্ত্রী শাফিয়া সোবহান চৌধুরী, নুর ই হাফজা এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক সিএফও ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।  

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়েছে, সোনালী লাইফের বোর্ড পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত, মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ একই পরিবার ৭টি পদ গ্রহণ করে। পরে একে অপরের সহায়তায় প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে কোম্পানির তহবিল থেকে ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা উত্তোলন করেন। 

এসব অর্থ তাদের নামের বিভিন্ন কোম্পানি ও ব্যাংক হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। 

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মালিকানাধীন এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের হিসাব বা শেয়ার (বিও আইডি) অবরুদ্ধ করার আবেদন করা হয়। 

গত ২৫ জানুয়ারি মোস্তফা গোলাম কুদ্দুস মারা যান।

এর আগে গত ২২ অক্টোবর এই আট জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।