২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা কাটবে রোদ-বৃষ্টিতে

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে খুলনার কয়রায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 12:42 AM

Updated : 26 Aug 2026, 10:38 AM

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার দিনগুলো রোদ আর বৃষ্টিতে কাটবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ ওমর ফারুক বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, “কাল (বৃহস্পতিবার) বেশি বৃষ্টি হবে। এরপর থেকে বৃষ্টি কমে আসবে। 

“রোববার পর্যন্ত কখনও রোদ থাকবে, কখনও বৃষ্টি হবে।”

ষষ্ঠীর মাধ্যমে বুধবার এবার দুর্গাপূজার সূচনা হয়। রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।

বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল, থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও ঝরেছে। 

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে খুলনার কয়রায়। এছাড়া রাঙামাটিতে ৩১ ও সাতক্ষীরায় ২৬ মিলিমিটারসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। 

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয় অতিভারি বৃষ্টিপাত।