Published : 17 Mar 2026, 07:58 PM
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের মহাসচিব রেবেকা গ্রিন্সপ্যান।
সোমবার জাতিসংঘে বাংলাদেশে স্থায়ী মিশনে তাদের এ সাক্ষাৎ হয় বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলাপ করেছেন তারা।
“তাদের পর্যবেক্ষণ হল, এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি হিসাবে আবির্ভূত হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত ও জ্বালানি বাজারে অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।”
কয়েক বছর ধরে ঋণাত্মক প্রবৃদ্ধির ধারায় থাকা সবচেয়ে গরীব দেশগুলোকে এই সংঘাত আরো বেশি ক্ষতিগ্রস্ত করছে বলেও মত দেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংঘাত আর বাড়তে না দিয়ে জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধান খুঁজতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন খলিল ও গ্রিন্সপ্যান।
কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিন্সপ্যান এবার জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থী। আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি পদে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের প্রার্থিতা নিয়েও পরস্পর আলোচনা করেছেন দুই প্রার্থী। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীও বৈঠকে অংশ নেন।