২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটাবিরোধীদের ধৈর্য ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের মধ্যে রোববার ঢাকার গুরুত্বপূর্ণ সাতটি মোড় প্রায় পাঁচঘণ্টা অবরোধ করেন আন্দোলনকারীরা; সোমবারও একই কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন।

কোটাবিরোধীদের ধৈর্য ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 08:32 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা থাকবে কিনা, তা আদালতে বিচারাধীন আছে উল্লেখ করে এ নিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সোমবার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গিয়েছে। এই মুহূর্তে উনাদের (শিক্ষার্থীদের) আন্দোলনটা না করাই উচিত হবে বলে আমি মনে করি।” 

“উনাদের বলব আদালতে যে বিষয়টা বিচারাধীন, সেই বিষয়টা রাজপথে না আনা, কারণ এটা আদালতে তো আছেই, বিচারটা হচ্ছে, হবে; সেই ক্ষেত্রে ওনাদের আমি একটু ধৈর্য ধরতে অনুরোধ করব।” 

তিনি শিক্ষার্থীদের এ আন্দোলন করা উচিত না বলেও মন্তব্য করেন তিনি। 

এ এম আমিন উদ্দিন বলেন, “আগামী বৃহস্পতিবার এ বিষয়টি আবার শুনানির জন্য আসবে। আমরা বুধবারও যদি পূর্ণাঙ্গ রায় পাই, তাহলেও সিপি (নিয়মিত আপিল) করব।”

কোটা নিয়ে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে ১ জুলাই থেকে টানা আন্দোলনে আছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। মাঠের কর্মসূচির পাশাপাশি তিন দিন ধরে চলছে ক্লাস ও পরীক্ষা বর্জন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার।

গত ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে রায় দেয় হাই কোর্ট। ওই দিনই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশী তরুণরা। ১ জুলাই থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে তারা কোটা বাতিলসহ চার দফা দাবিতে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের চলমান আন্দোলনের মধ্যে রোববার ঢাকার শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড়, নীলক্ষেত, বাংলামোটর, কারওয়ানবাজারসহ গুরুত্বপূর্ণ সাতটি মোড় প্রায় পাঁচঘণ্টা অবরোধ করে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ পালন করেন আন্দোলনকারীরা। সোমবারও তারা একই কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন।

আরও পড়ুন:

কোটাবিরোধী আন্দোলনকারীদের ৬৫ সদস্যের কমিটি