২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বেলা ৩টার দিকে সড়কের উত্তরাগামী অংশ ছেড়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 03:24 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সিএনজি চালিত অটোরিকশার একদল চালক।

বেলা সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান।

তিনি সোয়া ২টার দিকে বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালকরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দু্ই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে জানিয়ে উপকমিশনার বলেন, “চালকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

অবরোধের কারণে বিমানবন্দর সড়কের দুইপাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ‘চেষ্টা করছে’। বেলা ৩টার দিকে সড়কের উত্তরাগামী অংশ ছেড়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। 

আন্দোলনকারীদের সংগঠন ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্য স্থানের মতো নগরে চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।