শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘শিক্ষা অধিকার সংসদের’ আত্মপ্রকাশ
“শিক্ষাব্যবস্থা থেকে লেজুড়বৃত্তিক রাজনৈতিক ভূত তাড়াতে হবে এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণসহ মাধ্যমে সংস্কার এজেন্ডাকে গণতান্ত্রিক করতে হবে। তারই অংশ হিসেবে শিক্ষা অধিকার সংসদের আত্মপ্রকাশ।”
বৈষম্যহীন, যুগোপযুগী ও গতিশীল শিক্ষাব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে ‘শিক্ষা অধিকার সংসদ' নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
সংগঠনের আহ্বায়ক হিসেবে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ এবং সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।
এছাড়া সংগঠনটির নির্বাহী সদস্যদের অন্যতম মিসবাহুর রহমান আসিম, মাহফুজুর রহমান মানিক, ওমর ফারুক, রমিজুল ইসলাম রুমি ও মিনহাজুল আরেফিন।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশের ঘোষণা দেয় সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, “দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষার্থীরা হতাশ। তাদের যে আস্থাহীনতা; তারা যে ডিগ্রিটা লাভ করছেন, সেটার মান নিয়ে হোক বা যারা তাদের শ্রেণি কক্ষে শিক্ষা দিচ্ছেন সেটি নিয়ে হোক বা শিক্ষকদের যে আচরণ, সেটি নিয়ে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেটি পূরণ হচ্ছে না।
“এটা কিন্তু সর্বস্তরে। একেবারে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত। এবং এই পুরো সিস্টেমে যে সংকট, সে সংকট মোকাবিলার জন্য আজকের এই নতুন উদ্যোগ।"
সংবাদ সম্মেলনে সদস্য সচিব শাহনেওয়াজ চন্দন বলেন, “বিগত ১৫ বছরের দুর্নীতি জর্জরিত ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থায় বাংলাদেশের যে কয়টি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হলো শিক্ষা। সব খাতে সংস্কারের জন্য কমিশন গঠন হলেও শিক্ষা খাতে সংস্কারে কোনো কমিশন হয়নি।”
তিনি বলেন, “বিভিন্ন ধরনের পরীক্ষামূলক প্রকল্পের বাস্তবায়নে শিক্ষার্থীরা হয়েছেন গিনিপিগ, আর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও রাজনীতিবিদরা পকেটে পুরেছেন কোটি-কোটি টাকা।
“বর্তমানে বাংলাদেশের পুরো শিক্ষাব্যবস্থা ধসে পড়েছে বললে অত্যুক্তি হবে না। এর সঙ্গে করোনার সময়ে শিক্ষা প্রশাসনের অব্যবস্থাপনায় যে শিখন গ্যাপ বা শূন্যতা তৈরি হয়েছে তাতে শিক্ষায় বাংলাদেশ একটি পলিক্রাইসিসের সম্মুখীন।”
তিনি বলেন, “এ অবস্থায় শিক্ষা অধিকার সংসদ বিপ্লবোত্তর বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মৌলিক সংস্কার এনে শিক্ষাব্যবস্থাকে বৈষম্যহীন, মানসম্মত ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
“শিক্ষাব্যবস্থা থেকে লেজুড়বৃত্তিক রাজনৈতিক ভূত তাড়াতে হবে এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণসহ মাধ্যমে সংস্কার এজেন্ডাকে গণতান্ত্রিক করতে হবে। তারই অংশ হিসেবে শিক্ষা অধিকার সংসদের আত্মপ্রকাশ।”
সংবাদ সম্মেলনে কিছু সাধারণ প্রস্তাব তিনি তুলে ধরেন। এগুলো হল:
>> শিক্ষাব্যবস্থা সংস্কারের জন্য সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষা প্রশাসকদের নেতৃত্বে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা।
>> সব স্তরের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা। নবগঠিত শিক্ষা কমিশন ‘জাতীয় শিক্ষানীতি ২০১০' ও ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১' পুনর্মূল্যায়ন করা।
>> দেশের শিক্ষা প্রশাসনের কাজের মান যাচাই ও মুল্যায়নে একটি স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে অনুসরণীয় ব্যবস্থা গ্রহণ করা।
>> এডুকেশন পারফরম্যান্স ডেলিভারি ইউনিট প্রতিষ্ঠা করা। এই উচ্চক্ষমতাসম্পন্ন শিক্ষা ও কর্মক্ষমতা ডেলিভারি ইউনিট শিক্ষা ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত পরিকল্পনার জন্য ডেটাচালিত এবং প্রমাণভিত্তিক পদ্ধতি নিশ্চিত করবে।
>> পাঠদানের ব্যাঘাত প্রতিরোধে শিক্ষা রক্ষাকবচ চালু করা। সর্বস্তরে শিক্ষাব্যবস্থাকে শেখার ব্যাঘাতে মোকাবিলায় স্থিতিস্থাপক করা। অপরিকল্পিতভাবে তৈরি হওয়া স্কুল বন্ধ হওয়ার পরও যাতে শিক্ষার্থীদের শেখার ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।
>> সর্বস্তরে শিক্ষাপ্রতিষ্ঠানকে সকল প্রকার নিপীড়নমুক্ত করে সবার জন্য নিরাপদ করতে হবে। এ ক্ষেত্রে ২০০৯ সালে গৃহীত শিক্ষাপ্রতিষ্ঠানে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশিকাটি মাথায় রেখে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি প্রতিরোধ ও সুরক্ষায় একটি নীতিমালা বা আইন প্রণয়ন করা।
>>শিক্ষা বাজেটে বরাদ্দ বাড়ানো। এজন্য জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ধারার মধ্যে সর্বোচ্চ সরকারি বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
>> মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়া রোধে নারী-পুরুষ নির্বিশেষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির আওতায় নিয়ে আসআ বর্তমানে শিক্ষা উপবৃত্তি বিতরণে ব্যাপক অনিয়ম, অদক্ষতা ও বৈষম্যের নজির রয়েছে।
এছাড়া, শিক্ষক ও শিক্ষা প্রশাসনকে বিয়াজনীতিকরণ করা, শিক্ষকদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের অনিয়ন্ত্রিত প্রসার, সংকোচন ও মানের পুনর্মূল্যায়ন করা, মানসম্মত উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণা নিশ্চিত করতে ইউজিসির ক্ষমতায়ন, নেতৃত্বের অরাজনৈতিকীকরণ এবং আন্তর্জাতিকীকরণ করা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক সংস্কার সাধন করা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করা, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, ক্ষমতায়ন ও কার্যকর ছাত্র-সংসদ প্রতিষ্ঠা করা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি দাবি তুলে ধরা হয়।
