২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ার দুই ইউনিয়নে রোহিঙ্গা ভোটারের তালিকা চায় হাই কোর্ট

একই বেঞ্চ কয়েকদিন আগে কক্সবাজার জেলায় রোহিঙ্গা ভোটারের তালিকা দেওয়ার নির্দেশ দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 03:02 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

কক্সবাজারের চকরিয়া উপজেলার দুটি ইউনিয়নে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছে হাই কোর্ট।

সোমবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয়।

স্থানীয় আব্দুল ওয়াহেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মোজাহিদুল আওয়াল নুরী (রাজীব) এ রিট আবেদন করেন। আদালতে তিনিই আবেদনের পক্ষে শুনানি করেন।

অ্যাডভোকেট মোজাহিদুল আওয়াল নুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৈয়ারখালি ও খুটাখালী ইউনিয়নে কতজন রোহিঙ্গার নাম ভোটার তালিকায় উঠেছে তা জানতে চেয়ে তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে। 

“আগামী ৬ মের মধ্যে এ তালিকা আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটার তালিকায় রোহিঙ্গাদের না তোলা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।”

রিট আবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিব, কক্সবাজার জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

হাই কোর্টের একই বেঞ্চ গত বুধবার কক্সবাজার জেলায় রোহিঙ্গা ভোটারের তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে।  

আগের খবর:

কক্সবাজারে ভোটার হওয়া রোহিঙ্গাদের তালিকা চায় হাই কোর্ট