দুই দফা জানাজা শেষে আজিমপুরে শায়িত হবেন শফিক আহমেদ
দীর্ঘদিন ধরে অসুস্থ শফিক আহমেদ রোববার বিকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং ফার্মগেটের ইন্দিরা রোডে দুই দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে শায়িত হবেন সাবেক আইনমন্ত্রী, আইনজীবী শফিক আহমেদ।
প্রয়াত এই আইনজীবীর ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, সোমবার বেলা ১১টায় তাদের বাসার কাছে ইন্দিরা রোড খেলার মাঠে তার বাবার জানাজা হবে।
পরে কফিন নেওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে। সেখানে দুপুর দেড়টায় আরেক দফা জানাজা হবে।
দীর্ঘদিন ধরে অসুস্থ শফিক আহমেদ রোববার বিকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স ছিল ৮৯ বছর।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্র্যাট) ছিলেন শফিক আহমেদ।
১৯৯৯-২০০০ এবং ২০০৮-২০০৯ মেয়াদে তিনি দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
মাহবুব শফিক জানান, জানাজা শেষে তার বাবার কফিন বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
