ডাকসু নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকায় বাদ ১৫৭ জন
মোট ভোটারের ৪৭ দশমিক ৫২ শতাংশ ছাত্র, আর ৫২ দশমিক ৪৮ শতাংশ ভোটার ছাত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছেন ৩৯ হাজার ৭৭৫ জন।
খসড়া তালিকা থেকে ১৫৭ জনকে বাদ দিয়ে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। মোট ভোটারের ৪৭ দশমিক ৫২ শতাংশ ছাত্রী আর ৫২ দশমিক ৪৮ শতাংশ ভোটার ছাত্র।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেছে।
কোন হলে কত ভোটার
ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটার ৫ হাজার ৬৪১ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৮৪ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৩ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৩৪ জন ও ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪০ জন।
ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১ হাজার ২৯৫ জন, কবি জসীমউদ্দিন হলে ১ হাজার ৩০৩ জন, জগন্নাথ হলে ২ হাজার ২২২ জন, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৬ জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১ হাজার ৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৬২ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ২৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫১ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৫৭ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৯ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৭৭ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০২ জন।
গত ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৯৩২ জন।
ডাকসু নির্বাচন কমিশন বলেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ সাপেক্ষে তা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
ভোটার তালিকা প্রকাশের পর জুলিয়াস সিজার তালুকদার নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে তালিকা বাদ দেওয়ার দাবি করা হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ও নির্বাচন কমিশনের সদস্য জাওয়াদ ইবনে ফরিদ এ দাবি করেন।
জুলিয়াস সিজার সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচন কমিশনের সদস্য জাওয়াদ ইবনে ফরিদ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এক বিজ্ঞপ্তিতে জুলিয়াস সিজারের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ তোলেন। তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ করেন।
