‘সংসারে টানাটানি থেকে’ ২ ছেলেকে খুন: স্বামীর বিচারের অপেক্ষায় রোজিনা
“আমি তার শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই, আর কিছু না,” বলেন তিনি।
অভাবের সংসারে কলহ আর সন্তানদের ‘আবদার মেটাতে ব্যর্থতা থেকে’ দুই শিশুপুত্রের গলায় ছুরি চালিয়ে দেন রাজধানীর পল্লবীর একটি ভবনের সিকিউরিটি গার্ড আহাদ; ছুরি বসান নিজের গলাতেও।
বছর দেড়েক আগে পল্লবীর বাইগারটেক এলাকার সেই ঘটনায় আহাদ বেচে ফিরলেও মারা যায় তার দুই সন্তান।
রোমহর্ষক সেই ঘটনায় স্বামীর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন বিভিন্ন মেসে রান্নার কাজ করা রোজিনা বেগম; আহাদকে গ্রেপ্তার করে পুলিশ।
স্বামীর হাতে দুই ছেলেকে হারানোর কিছু দিন পর বাবাও মারা গেলে দিশেহারা হয়ে পড়েন রোজিনা। এখন দিন গুনছেন স্বামীর বিচারের অপেক্ষায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোজিনা বলেন, “আমার সন্তান দুইটা। যদি আমার কোনো ভুল থাকত, অন্যায় করতাম, তো আমাকে মেরে ফেলত। আমার নিষ্পাপ দুই শিশু সন্তানকে বুক থেকে সরায়ে দিছে। সন্তানের চেয়ে তো স্বামী বড় হতে পারে না। আমি তার শাস্তি চাই। সর্বোচ্চ শাস্তি চাই। আর কিছু না।”
২০২৪ সালের ১৬ নভেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া অভিযোগপত্র ২০২৫ সালের ৭ অক্টোবর আমলে নেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সেদিন নথি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কাছে পাঠানোর আদেশ দেন।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই বছরের ৩০ অক্টোবর মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন। মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন এ বছরের ১ মার্চ নির্ধারণ করে মামলাটি পারিবারিক আপিল আদালত-২ এর বিচারক রুকন উদ্দিনের আদালতে পাঠান। তবে ওইদিন কারাগারে থাকা আহাদকে আদালতে হাজির করা হয়নি।
মামলাটিতে আগামী ৫ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্যের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জামাল হোসেন।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার ইন্সপেক্টর আবুল কাইয়ূম বলেন, বাইগারটেক এলাকার বেপারী মার্কেটের পাশে নাসির উদ্দিনের বাসায় সপরিবারের ভাড়ায় থাকতেন আহাদ। মানিকদী গ্রীন হ্যাভেন বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছিলেন। তার স্ত্রী রোজিনা বাইগারটেক পুকুরপাড়ে ঠিকাদার জামিদুলের প্রজেক্টের মেসে রান্না করতেন।
“আহাদ যা আয় করতেন তাতে সংসার চলত না। দুই ছেলের বিভিন্ন আবদার মেটাতে বরাবরই ব্যর্থ হতেন। এ নিয়ে পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকত। সে কারণে আহাদ ব্যর্থতার গ্লানি নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। দুই সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে কারাফটকে জিজ্ঞাসাবাদে জানান।”
তদন্ত কর্মকর্তা বলেন, “২০২৪ সালের ১৬ নভেম্বর সকালে রোজিনাকে কাজে যাওয়ার জন্য বলেন আহাদ। রোজিনার শরীর খারাপ হওয়ায় যেতে চাচ্ছিলেন না। তবে তাকে জোরাজুরি করে কাজে পাঠান আহাদ। রোজিনার মাকেও সঙ্গে পাঠান। বাসায় ছিলেন রোজিনার বাবা ও দুই সন্তান।
“সেদিন সকাল সাড়ে ১০টার দিকে রোজিনা জানতে পারেন তার স্বামী দুই ছেলেকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে। বাসায় ফিরে ছেলে গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। রোজিনা তার বাবার কাছে জানতে পারেন, আহাদ দুই সন্তানকে হত্যা করে সেই ছুরি দিয়ে নিজের গলায় চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।”
পরে উপস্থিত লোকজন তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে দুই সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রোজিনা বলেন, “ঘটনার দিন সকাল ৬টার দিকে কাজ শেষে বাসায় ফেরে আমার স্বামী। সাড়ে ৮টার দিকে আমাকে জোর করে কাজে পাঠায়। আমি অসুস্থ থাকায় যেতে চাচ্ছিলাম না। বলে, না গেলে মেসের ২৫ জন না খেয়ে থাকবে। আমি অসুস্থ, এজন্য আমার মাকেও সাথে পাঠায়।
“সে এমন ঘটনা ঘটাবে বুঝতেও পারিনি। ঘটনার এক ঘণ্টা পর মানুষ খবর দিলে আমি জানতে পারি।”
বাবা জুবেল আলীর কথা স্মরণ করে রোজিনা বলেন, “আমার বাবা ঘটনার তিন দিন আগে বাসায় বেড়াতে যায়। সে বাসায় (পাশের রুমে) থাকাবস্থায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনা নিয়ে টেনশন করত। ঘটনার পাঁচ মাস পরে আমার বাবাও মারা গেছেন। ওর কারণে এসব ঘটনা ঘটছে। ওর (স্বামী) শাস্তি চাই।”
রোজিনা এখন তার প্রথম সংসারের ছেলেকে নিয়ে ঢাকায় থাকছেন। রোজার ঈদ উপলক্ষে গেছেন গ্রামের বাড়িতে।
মামলা সম্পর্কে আহাদের আইনজীবী মোহাম্মদ ঈসমাইল হোসেন বলেন, “মামলার বিষয়টি এখন নলেজে নেই।”
আরও পড়ুন-
