২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রূপান্তরের মিশন’ নিয়ে কাজ করার আশ্বাস দুদকের নতুন সচিবের

মো. সাইদুর রহমান খান সংস্থাটিতে যোগ দেন রোববার; তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 05:24 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

দুর্নীতি দমন কমিশন ক্ষমতাসীন সরকারের পক্ষে কাজ করে বলে দীর্ঘদিনের যে অভিযোগ রয়েছে, সেই ধারা থেকে সংস্থাটিকে বের করে আনার আশ্বাস দিয়েছেন নতুন সচিব মো. সাইদুর রহমান খান।

রোববার দুদকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সংস্থাটির কার্যক্রমে পরিবর্তন আনতে তারা একটি ‘রূপান্তরের মিশন’ নিয়ে কাজ করবেন।

দুদক অতীতের ব্যবস্থা থেকে বেরিয়ে এসে ‘সত্যিকার অর্থে’ যেভাবে কাজ করা প্রয়োজন, সেভাবে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।

কমিশন না থাকায় সংস্থাটির অনেক কাজ জমে গেছে জানিয়ে নতুন কমিশন আসার আগেই প্রস্তুতিমূলক কাজ শেষ করার কথাও বলেন সাইদুর রহমান খান। জমে থাকা কাজ দ্রুত এগিয়ে নিতে একটি ‘ক্রাশ প্রোগ্রাম’ নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

নতুন কমিশন কবে আসতে পারে, এমন প্রশ্নে দুদক সচিব বলেন, কমিশন গঠনের জন্য করা সার্চ কমিটি তাদের কাজ প্রায় শেষ করেছে। সরকারি প্রক্রিয়া শেষে ‘দ্রুততম সময়ের মধ্যে’ নতুন কমিশন দায়িত্ব নেবে বলে তিনি আশা করছেন।

“এটা আমরা শিগগিরই আশা করছি। কারণ আমাদের যে সার্চ কমিটি, তারাও অলরেডি অলমোস্ট মিটিং করে এটা ফাইনাল করে ফেলেছে। এখন এটা সরকারি তরফ থেকে প্রসিডিউর আছে, সেটা অনুসরণ করে আমি যতটুকু জানি, শিগগিরই আসবেন।”

তবে নতুন কমিশন গঠনের নির্দিষ্ট কোনো সময় বলতে পারেননি তিনি।

নতুন দায়িত্বে নিজের পরিকল্পনা তুলে ধরে দুদক সচিব বলেন, সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, জনবান্ধব করা এবং মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

দুদক নিয়ে বিভিন্ন অভিযোগ ও ‘ইমেজ সংকট’ দূর করে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি গড়ে তুলতে কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলো অগ্রাধিকার পাবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, জনপ্রতিনিধিরা সংসদে তাদের এলাকার পাশাপাশি রাষ্ট্রীয় বিষয় তুলে ধরেন। তাদের পরামর্শ, বাস্তবতা, সরকারের ইচ্ছা ও কর্মপরিকল্পনা সমন্বয় করে দুদকের অগ্রাধিকার তালিকা নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

একজন সাবেক আইজিপির বিদেশে ছাড়া পাওয়ার বিষয়ে প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বলেন, আন্তঃদেশীয় অনুসন্ধানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে।

তিনি বলেন, দুদক পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে তা পাঠানো হয়।

“আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি,” বলেন দুদক ডিজি।

তবে বিষয়টির বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে চাননি তিনি। সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হবে বলে জানান।

দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সংস্থাটির সচিব হিসেবে যোগ দেন মো. সাইদুর রহমান খান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দুদক সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে ৫ জানুয়ারি থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।