২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও পাঁচজন সদস্য পেল পিএসসি

তাদের নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল নয় জনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 08:42 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও পাঁচজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস ও এম সোহেল রহমান এ দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত যেটি আগে ঘটে, সেই সময়সীমা পর্যন্ত তারা এই সাংবিধানিক পদে দায়িত্ব পালন করবেন।

তাদের নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল নয় জনে। 

ক্ষমতার পটপরিবর্তনের পর গত ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান করে আরও চারজন সদস্য নিয়োগ দেওয়া হয়।

কমিশনের অন্য সদস্যরা হলেন মো. সুজায়েত উল্লাহ, নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম এবং নাজমুল আমিন মজুমদার।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে একজন চেয়ারম্যান এবং অন্যূন ৬ জন ও অনধিক ২০ জন সদস্য নিয়ে কমিশন গঠনের সুযোগ রয়েছে।