২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা কেন্দ্রীকরণের পুরোনো পথ ফের উন্মুক্ত করার অভিযোগ শিশির মনিরের

“কোনো আইনের অধীনে করা কাজকে বৈধতা দিয়ে আইনটিকে বাতিল করে দেওয়াটা ‘ব্যাড ইনটেনশন‘।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 10:01 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংস্কারের লক্ষ্যে জারি করা বিভিন্ন অধ্যাদেশ আইনে পরিণত না করার সরকারি উদ্যোগের সমালোচনা করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ শিশির মনির বলেছেন, এর মাধ্যমে ক্ষমতার কেন্দ্রীকরণের পুরোনো পথ আবার উন্মুক্ত করা হচ্ছে। 

সোমবার সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কোনো আইনের অধীনে করা কাজকে বৈধতা দিয়ে আইনটিকে বাতিল করে দেওয়াটা ‘ব্যাড ইনটেনশন‘। এর মাধ্যমে পেছনের দরজা দিয়ে বিচারক নিয়োগসহ ক্ষমতার কেন্দ্রীকরণের পুরোনো পথ আবার উন্মুক্ত করা হচ্ছে।“

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের এই সদস্য দলের পক্ষ থেকে না কি আইনজীবী হিসেবে কথা বলছেন- এমন প্রশ্নে বলেন, তারা আইনজীবী হিসেবে এসব আইনি বিষয় নিয়ে ব্রিফ করছেন। 

অন্তর্বর্তী সরকারের করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২টি ‘ল্যাপস’ বা তামাদি, তিনটি বাতিল এবং ৩১টি সংশোধন সাপেক্ষে সংসদে তোলার যে প্রস্তাব বিশেষ কমিটি দিয়েছে, তার আইনি ব্যাখ্যা দিতে শিশির মনির সাংবাদিকদের সামনে আসেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে হেরে যাওয়া জামায়াতের এই প্রার্থী বলেন, “ওনারা (সরকার) বলেছেন এগুলোকে সেইভ করা হবে, হেফাজত করা হবে। আপনি যদি আইনটাকে হেফাজত না করেন, শুধু কাজটাকে হেফাজত করেন, এর অর্থ কী? আপনি কাজটাকে ভালো মনে করে হেফাজত করছেন, তাহলে আইনটাকে ভালো মনে করছেন না কেন?

“যদি কোনো আইনের অধীনে গৃহীত কর্মকাণ্ড হেফাজত করেন, এর মানে দ্যাট কর্মকাণ্ড ওয়াজ গুড কর্মকাণ্ড। কিন্তু আপনি আইনটাকে স্ক্র্যাচ করে দিচ্ছেন, কাজটাকে হেফাজত করছেন।”

হাই কোর্ট বিভাগে বিচারক নিয়োগের উদাহরণ টেনে তিনি বলেন, “এই অধ্যাদেশ অনুযায়ী হাই কোর্ট বিভাগে বিচারক নিয়োগ হয়েছে। এই অধ্যাদেশ যদি বাদ করে দেন, তাহলে এই বিচারকদের কী হবে? তখন তারা বলছেন, এই বিচারকদেরকে আমরা এখানে হেফাজত করব। আর বাকি পরবর্তীতে যারা আসবে, তাদেরকে আর হেফাজত করতে হবে না? তারা হেফাজতের বাইরে চলে যাবে?

“এজন্য, ইফ ইউ রিকগনাইজ এ সিস্টেম গুড, ইফ ইউ সেইভ দ্যা অ্যাক্টিভিটি অব এ পার্টিকুলার সিস্টেম, ইউ হ্যাভ টু সেইভ অ্যাট দ্য সেইম টাইম দ্য প্রভিশন অব ল অ্যাট দ্য সেইম টাইম।”

অধ্যাদেশ বাতিলের পরিণতি সম্পর্কে তিনি বলেন, “আগেরটা ভালো মনে করে সেইভ করছেন, পরেরটা কী করবেন? আগের মতই করবেন গোপনে গোপনে? টেবিলের নিচ দিয়া? অমুকরে পছন্দ, তমুকরে অপছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক, এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন? দিস ইজ এ ব্যাড ইনটেনশন। নোবডি শুড ডু দিস।”

এমন পদক্ষেপের কারণে যেসব অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কাজ হয়েছে সেগুলো বাতিল করলে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন তৈরি হয়েছিল, তা ‘কিল‘ হয়ে যাবে বলে তিনি মনে করেন।

গণভোট অধ্যাদেশকে ‘ইনফ্রাকচুয়াস’ (নিষ্ফল) হিসেবে ‘ল্যাপস‘ করার প্রস্তাব সঠিক নয় বলেও তার ভাষ্য। 

শিশির মনির বলেন, “গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৬ ধারা, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল এবং হাই কোর্টে বিচারাধীন রিটের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।“ 

এগুলোকে তিনি অবিভাজ্য যমজ (ইনসেপারেবল টুইনস) হিসেবে চিহ্নিত করেন। বলেন, “একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয়, তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে; যা কিছু হবে, এ সবকিছুর একসাথেই হবে।”

১৯৯১ সালের গণভোট আইনের উদাহরণ টেনে তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট বিলুপ্ত হওয়ার পরও ওই আইনটি কার্যকর ছিল। প্রায় ৬৯ শতাংশ মানুষের মতামতকে (গণভোটের রায়) ফ্রাস্ট্রেট করে কোনো উদ্যোগ নেওয়া উচিত হবে না। অন্যথায় ‘আইনি বিশৃঙ্খলা’ তৈরি হবে।

গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের কঠোর সমালোচনা করে এই আইনজীবী বলেন, সরকার যুক্তি দিচ্ছে যে ‘গুমের সঙ্গে সরকারের আইনশৃঙ্খলাবাহিনী জড়িত’, তাই আইনটি পাসের দরকার নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, “তাহলে গুমের তদন্ত করার যে এজেন্সি আছে, যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিজিএফআই থেকে শুরু করে পুলিশ পর্যন্ত তারা আসামি হয়, এই তদন্ত করবে কে? মানবাধিকার কমিশনকে সুয়োমুটো তদন্তের যে ক্ষমতা দেওয়া হয়েছিল, তা কেড়ে নেওয়া হচ্ছে।“ 

এটিকে তিনি পুরো সংস্কার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চরম অবজ্ঞা (ডিসরিগার্ড) বলে তুলে ধরেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ও পরিচালক নিয়োগে সার্চ কমিটির বিধান বাতিলের উদ্যোগ নিয়েও সমালোচনা করেন তিনি।

বিচারক নিয়োগ অধ্যাদেশকে অসাংবিধানিক বলে বাতিলের যে যুক্তি সরকার দিচ্ছে, সে প্রসঙ্গে শিশির মনির বলেন, “হাই কোর্ট ইতিমধ্যে এই আইন চ্যালেঞ্জ করে করা একটি রিট খারিজ করে একে বৈধতা দিয়েছেন। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কী করে? আগের মত কানাকানি করে? টেবিলের নিচে দিয়ে? কে কার জুনিয়র আর কে কার সিনিয়র? কার রাজনৈতিক পরিচয় কী- এইভাবে নিয়োগ দেবেন?"

পৃথক বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশে একটি ধারায় ‘সরকার উপযুক্ত মনে করিলে‘- শব্দগুচ্ছ যুক্ত করার প্রস্তাবের সমালোচনা করেন তিনি।

ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ ল্যাপস করার প্রস্তাবের পেছনে অর্থ পাচারকারীদের বাঁচানোর উদ্দেশ্য থাকার অভিযোগ করেন এই আইনজীবী।

সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বর্তমান সরকার ‘ফ্যাসিবাদী’ আচরণ করছে কি না—প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, “সংসদে পাস করা যেকোনো আইনই পরবর্তীতে বিচার বিভাগ কর্তৃক রিভিউ করার সুযোগ থাকে। আমরা এখন সরকারকে বলছি, প্লিজ ডু নট টেক অ্যানি আনরিজনেবল, আনকনস্টিটিউশনাল এন্টি-রিফর্ম প্রজেক্ট। যদি এমন কিছু পাস করা হয়, দ্যাট উইল বি চ্যালেঞ্জড বিফোর দি হাই কোর্ট সাবসিকুয়েন্টলি।"

গণভোট অধ্যাদেশ 'বিল হচ্ছে না', বিশেষ কমিটির প্রতিবেদন ২ এপ্রিল