ঐকমত্য কমিশন: পরের ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার
প্রথম ধাপের আলোচনা এ মাসের প্রথমার্ধে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভায় তিনি এ বিষয়ে তাগিদ দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। তিনি এ কমিশনের প্রধান।
সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
দেড় ঘণ্টার এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, এমদাদুল হক, সফর রাজ হোসেন ও মোহাম্মদ আইয়ুব মিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রাষ্ট্র সংস্কারের বিষয়ে পাঁচটি কমিশনের সুপারিশ স্প্রেডশিট আকারে ৩৯টি দলের কাছে পাঠিয়ে মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ৩৫টি দল মতামত জমা দিয়েছে। এরপর ২০ মার্চ থেকে দলগুলোর সঙ্গে সংলাপ করছে কমিশন।
১০ এপ্রিল ইসলামী আন্দোলন সংস্কারের সুপারিশ বিষয়ে মতামত জমা দেওয়ার পর আলী রীয়াজ বলেছিলেন, রাজনৈতি দলগুলোর সঙ্গে যো সংলাপ চলছে তা মে মাসের প্রথমার্ধে শেষ হবে বলে তিনি আশা করছেন।
