‘অর্থ আত্মসাৎ’: ইসলামী ব্যাংকের সাবেক এমডি মওলার বিরুদ্ধে দুদকের মামলা
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছেন।
ইসলামী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছেন।
মামলার অপর আসামিরা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দিন, মো. আকিজ উদ্দিন এবং গুলশান শাখার ভারপ্রাপ্ত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) এস. এম. সুলতান আহমেদ।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ২৫ জুন ইসলামী ব্যাংকের ‘সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশন’ থেকে গুলশান করপোরেট শাখায় ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থের উদ্দেশ্য ছিল ঈদ-উল-আজহা উপলক্ষে সারাদেশের আট হাজার বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ও ছিন্নমূল পরিবারের মধ্যে প্রতিজনকে ৬ হাজার ২৫০ টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা।
দুদকের অনুসন্ধানের বরাতে এজাহারে বলা হয়েছে, বাস্তবে কোনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়নি। উপকারভোগীর তালিকা, রশিদ বা স্বাক্ষর সম্বলিত কোনো নথি পাওয়া যায়নি। ওই অর্থ নিয়মবহির্ভূতভাবে তৎকালীন উপ-ব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিনের প্রতিনিধি এস. এম. জামাল উদ্দীন রাসেলের কাছে নগদে দেওয়া হয়। এছাড়া, গুলশান করপোরেট শাখার ইনচার্জ সুলতান আহমেদ এই অর্থ হস্তান্তরে সহযোগিতা করেন। পরে ওই অর্থ জামাল উদ্দীনের মাধ্যমে আকিজ উদ্দিনের কাছে আসে।
দুদক বলেছে, নিয়মবহির্ভূতভাবে অর্থ দেওয়ার জন্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মওলা, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দিন ও আকিজ উদ্দিন নির্দেশ দিয়েছিলেন। এসএভিপি এ. এম. শহীদুল এমরান এবং সিএসআর বিভাগের সাবেক প্রধান মোশতাক আহমেদকে গুলশান কর্পোরেট শাখার ইনচার্জকে চাপ প্রয়োগ করতে এ নির্দেশ দেওয়া হয়েছিল।
গেল ২৫ জুন রাতে মুনিরুল মওলাকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর ঋণ জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে অন্তত ৯১ হাজার কোটি টাকা বের করে নেয় চট্টগ্রামভিত্তিক ওই শিল্পগোষ্ঠী। তখন থেকে ব্যাংকটিতে প্রভাবশালী হয়ে ওঠেন মুনিরুল মওলা, তার বাড়িও চট্টগ্রামে।
তাকে দ্রুত পদোন্নতি দিয়ে প্রথমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পরে ২০২০ সালের ডিসেম্বরে এমডি করা হয়।
২০২৩ সালের ডিসেম্বর মাসে ইসলামী ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতির ঘটনা গণমাধ্যমে প্রকাশ পায়। নিয়ম না মেনে তিনটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির চট্টগ্রামের তিন শাখা থেকে ৩ হাজার ২৫৭ কোটি ঋণ দেওয়া হয়।
ক্ষমতার পট পরিবর্তনের পর গত অগাস্টে গতি পায় ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির অনুসন্ধান। এরপর গত নভেম্বর ও ডিসেম্বর মাসে ব্যাংকটির অর্ধশতাধিক কর্মকর্তাকে বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ করে দুদক।
এই পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলামের ছেলে আহসানুল আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক, যিনি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ছিলেন।
তিনি ছাড়াও মামলায় ৫৭ জনকে আসামি করা হয়, যেখানে ব্যাংকটির সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলার নাম রয়েছে।
জানুয়ারিতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে করা আরেক মামলাতেও আসামি করা হয় মুনিরুল মওলাকে, যে মামলায় ৯৯৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করে দুদক।
ক্ষমতার পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পাল্টে দেয় কেন্দ্রীয় ব্যাংক, এর মধ্য দিয়ে এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত হয় ব্যাংকটি।
নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর এমডি মুনিরুল মওলাকে অপসারণের দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তারা। তাদের বাধার মুখে ১৯ ডিসেম্বর অফিস ছাড়তে বাধ্য হন মুনিরুল মওলা। পরে এ বছর ৬ এপ্রিল মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ব্যাংকের পর্ষদ।
