১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘নবান্ন উৎসব’

পায়রা চত্বরে লাঠিখেলা, নাচ-গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজের ‘কৃষ্টি-সংস্কৃতি’ তুলে ধরতে ‘নবান্ন উৎসব’ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে এ উৎসব হয়েছে লাঠিখেলা, নাচ-গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে।

আয়োজনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উৎসব উদ্বোধন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, “ছাত্রদল শুধু লড়াই–সংগ্রামে অভ্যস্ত একটি সংগঠন নয়; সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাজপথে যেমন সক্রিয় থাকে, তেমনি অন্যান্য কর্মসূচির পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের নবান্ন উৎসবকেও স্মরণ করিয়ে দেয়। 

“বিগত সময়ে সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমাদের দেশীয় সংস্কৃতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায়ও আমরা লক্ষ্য করছি দেশীয় সংস্কৃতি এবং তরুণ প্রজন্মের সঙ্গে সম্পৃক্ত সাংস্কৃতিক উপাদানগুলো, বিশেষ করে মিউজিকসহ অন্যান্য ক্ষেত্র, ইচ্ছাকৃতভাবে দমিয়ে রাখার প্রবণতা দেখা যাচ্ছে, যাতে সাংস্কৃতিক পথকে বাধাগ্রস্ত করা যায়। আমরা মনে করি, ছাত্রদলের এ আয়োজন বিগত সময়ের সাংস্কৃতিক আগ্রাসন থেকে বেরিয়ে এসে এখন দেশীয় সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশে সবাই ভূমিকা রাখবে।”

নবান্ন উৎসব উদ্বোধনের পর লাঠি খেলার আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সেখানে উপস্থিত ছিলেন।