প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সাক্ষাৎ
যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ কেনার প্রস্তাব এবং অফশোর পেট্রোল ভেসেল কেনার পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে তাদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
সেখানে বলা হয়, বৈঠকে বিমানবন্দর ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, এটি হবে বহু বছরের মধ্যে ‘প্রথম সত্যিকারের গণতান্ত্রিক ভোট’।
তিনি বলেন, “গত ১৬ বছরে যা হয়েছে, তা নির্বাচনের নামে এক প্রহসন মাত্র।”
নির্বাচনের পর ‘আগের ভূমিকায়’ ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।
বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারের ভুল তথ্য প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা বিশেষভাবে কার্যকর হতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য দূত রোজি উইন্টারটন বাংলাদেশের সাম্প্রতিক ব্যবসা বিধি, শুল্ক ও রাজস্ব ব্যবস্থার সংস্কারের প্রশংসা করেন।
তিনি শিক্ষা, বিমান ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।
বিশেষ করে শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের জাতিসংঘ প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার প্রশংসা করেন ব্রিটিশ দূত।
প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ কেনার প্রস্তাব এবং অফশোর পেট্রোল ভেসেল কেনার পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ ক্রয় প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মো. মোশারফ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।
