তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে চীন: গয়েশ্বর
চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়েছে।
চীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে দলটির একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
সোমবার চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশটির ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ এর স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এ আমন্ত্রণ জানান।
প্রতিনিধি দলের সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে আনুষ্ঠানিকভাবে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপির) পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয়।”
বেইজিংয়ের ‘গ্রেট হলে’ স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা থেকে দেড় ঘণ্টা চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) পলিট ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল।
বিএনপির এ দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া ও জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
বৈঠকে বিএনপি ও সিসিপির মধ্যে সম্পর্ক এবং চীন-বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক শক্তিশালী করা, দক্ষিণ এশীয় অঞ্চলের ভূ-রাজনীতিসহ নানা বিষয়ে আলোচনা হয়।
ঢাকা থেকে ‘এয়ার চায়না’র ফ্লাইটে স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টায় বেইজিং পৌঁছান বিএনপি নেতারা। দুপুর ২টায় চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড কোম্পানি পরিদর্শন করেন। পরে গ্রেট হলে পৌঁছালে তাদের স্বাগত জানান ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তারা।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় ‘গ্রেট হল অব দ্য পিপল’। এটি চীনের কমিউনিস্ট পার্টি ও চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের সদর দপ্তরও।
বিএনপির প্রতিনিধি দলটির রাতে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পাঁচ দিনের সফর শেষে বিএনপির দলটির দেশে ফেরার কথা রয়েছে।
