২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীবান্ধব শিক্ষা নীতির কারণে মেয়েরা এগিয়ে আছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক শিশু ও মাতৃ মৃত্যুহার নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 07:29 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

দেশে নারীশিক্ষার অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে এখন স্কুল পরীক্ষায় সংখ্যা এবং একাডেমিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. নাতালিয়া কানেম বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাতালিয়া কানেম।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, “সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সংখ্যা এবং পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে। এটা সম্ভব হয়েছে নারীবান্ধব শিক্ষা নীতির কারণে। অথচ অতিতে একটা সময় অনেক বাবা-মা মেয়েদের স্কুলে পাঠাতে আগ্রহী ছিলেন না।”

এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি এবং স্কুল ফিডিং কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, পাশাপাশি কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হওয়ায় বিপুল সংখ্যক নারী এখন স্কুলে আসছে।

সাক্ষাতে শিশু ও মাতৃ মৃত্যুহার, প্রজনন স্বাস্থ্য, বাল্য বিবাহ এবং নারী শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক শিশু ও মাতৃ মৃত্যুহার নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বলেন, শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ অসাধারণ সাফল্য দেখিয়েছে।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে তার সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। যার ফলে দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশা কমেছে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান।