এবার মেট্রো স্টেশনে গাঁজাসহ দুইজন আটক
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে হাতবোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুনের ঘটনার পর মেট্রো স্টেশনেগুলোতে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।
ঢাকার শেওড়াপাড়ায় মেট্রো স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল ৪টার দিকে নিয়মিত তল্লাশিকালে গাঁজাসহ মাহাবুব ও সুমি নামে দুইজনকে আটকের তথ্য দেন এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকী।
তিনি বলেছেন, “আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর আগেও দুইবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছে।”
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে হাতবোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুনের ঘটনার পর মেট্রো স্টেশনেগুলোতে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়।
এরপর বিভিন্ন স্টেশনে এমআরটি পুলিশের তল্লাশিতে প্রতিদিন বিপুল পরিমাণ লাইটার ও পানির বোতল জব্দ হচ্ছে। এবার গাঁজাসহ দুইজনকে আটকের ঘটনা ঘটল।
পুলিশ কর্মকর্তা আশরাফ বলেন, “বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হচ্ছে। চেকিংরত অবস্থায় সন্দেহজনক নারী ও পুরুষের সাথে থাকা বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। তারা শেওড়াপাড়া স্টেশন থেকে মতিঝিল যেতে চেয়েছিল।”
আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে ও তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
