হত্যাচেষ্টার মামলায় ডিআইজি মোল্যা নজরুল ৫ দিনের রিমান্ডে
গত ৫ অক্টোবর দায়ের করা মামলায় মোল্যা নজরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি রয়েছে ১৫-২০০ জন।
রাজধানীর গুলশান থানায় দায়ের করা কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টার মামলায় ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে ৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ রোববার শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মুক্তার হোসেন বলেন, পুলিশ কর্মকর্তা নজরুলকে আদালতে হাজির করে গুলশানা থানার এসআই মো. মাহফুজুল হক সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
“আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল, কারাগারে ডিভিশন ও চিকিৎসা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। একইসঙ্গে অন্য দুটি আবেদন নথিভুক্ত করেন।”
শনিবার সন্ধ্যায় রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে আটকের খবর দেন (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তবে তাকে সুনির্দিষ্ট কোন অভিযোগে এবং কোথা থেকে আটক করা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মোল্যা নজরুল সবশেষ সিআইডিতে কর্মরত ছিলেন।
সরকার বদলের পর পুলিশে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকরিচুত্যির সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত বছরের ৭ অক্টোবর মোল্যা নজরুলকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।
এর আগে তিনি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।
রোববার শুনানিতে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “আসামি মোল্যা নজরুল ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। তিনি যখন জিএমপির কমিশনার তখন তিনি বিরোধী দল দমনে কাজ করেছেন। ছাত্র জনতার আন্দোলন দমাতে তিনি কাজ করেছেন। এ হত্যাচেষ্টার সঙ্গে তার যোগসাজশ রয়েছে৷ সাধারণ পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে তা জানতে তার সাত দিনের রিমান্ড প্রয়োজন।”
শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টার অভিযোগে তার বাবা মো. হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন গত ৫ অক্টোবর।
মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২২ জুলাই গুলশানে গুলিবিদ্ধ হন ফাহিম হোসেন জুবায়েদ।
মামলায় মোল্যা নজরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১৫০-২০০ আসামি রয়েছে।
