Published : 08 Jul 2025, 12:59 AM
রাজধানীর মিরপুরে এক শ্রমিক লীগ নেতার বাসায় ঢুকে ’ভয়-ভীতি’ দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় ছাত্রদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম রনির বাসায় ঢুকে প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান করে ভয়-ভীতি দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করেন। পরে তাদের পাঁচ লাখ টাকা দেওয়া হয় বলে এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন- ছাত্রদলের মিরপুর থানা কমিটির আহ্বায়ক তাবিদ আহমেদ আনোয়ার (৩৫), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মিন্টু মিয়া (৩৫), কর্মী ইসমাইল হোসেন (২৪) ও যুবদল কর্মী রতন মিয়া।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলছেন, রোববার গভীর রাতে মণিপুর এলাকায় সিরাজুল ইসলাম রনির বাসায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে খবর পেয়ে সেখানে যায় মিরপুর থানা পুলিশের একটি টহল দল। খবর পেয়ে র্যাবও সেখানে পৌঁছায়। তখন ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এই চারজনসহ পলাতক অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে মিরপুর থানায় বাসায় ঢুকে চাঁদাবাজির অভিযোগে এ মামলা করেন সিরাজুল ইসলাম রনির স্ত্রী জাহানারা ইসলাম।
এজাহারে অভিযোগ করা হয়, গত রোববার রাত ১০টার দিকে অভিযুক্তরা সিরাজুল ইসলাম রনির বাসার ফটকে কলিং বেল বাজাতে থাকে। সিরাজুলের স্ত্রী (মামলার বাদী) বাসার দরজা খোলামাত্র তারা বাসায় ঢুকে সিরাজুল ও তার স্ত্রীকে জিম্মি করে বলতে থাকে, ‘তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টের লোক। তোরে পুলিশ দিয়ে ধরায়া দিব’। এসব বলে ভয়ভীতি দেখিয়ে তারা ২০ লাখ টাকা চায়। প্রাণে বাঁচতে বাদী ও তার স্বামী বাসায় রাখা ২০ হাজার টাকা অভিযুক্তদের হাতে দিলে তারা আরও টাকা দিতে বলে।
ঘটনার বর্ণনায় মামলায় বলা হয়, উপায় না পেয়ে এই দম্পতি ভবনের চতুর্থ তলার ভাড়াটে প্রতিবেশীর কাছ থেকে তিন লাখ টাকা তাৎক্ষণিকভাবে ধার নিয়ে এসে তাদের হাতে দেয়। এরপরও তারা টাকার দাবি করতে থাকলে সিরাজুলের বিকাশ নম্বরে থাকা ৩০ হাজার টাকা তাদের দেওয়া হয় এবং ছেলে-মেয়েদের কাছ থেকে স্বামীর আসুস্থতার কথা বলে বাদী জাহানারা আরও দেড় লাখ টাকা এনে তাদের দেন।
”রাত ৩টা পর্যন্ত অভিযুক্তরা ওই বাসায় অবস্থান করে। পরে পাঁচ লাখ টাকা নিয়ে তারা বাসা থেকে বের হওয়ার সাথে সাথে র্যাব ও পুলিশের সদস্যদের দেখে আসামিরা ছোটাছুটি শুরু করে।”
এরপর ঘটনাস্থল থেকেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে পাওয়া ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করে।