৪৫তম বিসিএসের ভাইভা শুরু ৮ জুলাই, সূচি প্রকাশ
সাধারণ ক্যাডারের ৪৮১ জন ও কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের ১০৪ জনসহ মোট ৫৮৫ জন প্রার্থীর ভাইভার সূচি প্রকাশ করেছে পিএসসি।
পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষা আগামী ৮ জুলাই শুরু হবে।
বুধবার সাধারণ ক্যাডারের ৪৮১ জন ও কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের ১০৪ জনসহ মোট ৫৮৫ জন প্রার্থীর ভাইভার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
কমিশন প্রকাশিত সূচি অনুযায়ী, এ ৫৮৫ জন প্রার্থীর ভাইভা ১৫ জুলাই পর্যন্ত চলবে।
৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যেসব প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি, বা ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেবেন, তাদের মৌখিক পরীক্ষা ওইসব পরীক্ষার একমাস আগে বা পরে নেওয়া হবে। এজন্য এ ধরনের প্রার্থীদের তথ্য চেয়েছে কমিশন।
৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে গত ৩ জুন রোডম্যাপ ঘোষণা করে পিএসসি।
ওই রোডম্যাপ অনুসারে, ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৫৫৮ প্রার্থী। আগামী ১০ ডিসেম্বর এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের ঘোষণা এসেছে কমিশনের রোডম্যাপে।
রোডম্যাপ অনুসারে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই শুরু হবে। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৮ ডিসেম্বর।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন ২০২৪ সালের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি।
