২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ৫৮ কর্মকর্তা বদলি

১০ পরিচালক ও ৪৮ উপপরিচালকের রদবদল করেছে দুদক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 09:13 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক ও ৪৮ উপপরিচালককে বদলি করা হয়েছে।

সোমবার দুটি পৃথক আদেশে তাদের রদবদলের কথা জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন।

পরিচালকদের মধ্যে ফিরোজ মাহমুদকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগ থেকে গবেষণা ও পরীক্ষণ বিভাগে পাঠানো হয়েছে। ঢাকা বিভাগীয় কার্যালয় পরিচালক মোরশেদ আলমকে এনআইএস ও ইউএনসিএসির ফোকাল পয়েন্ট করা হয়েছে।

পরিচালক আব্দুল করিমকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ-২ থেকে সিস্টেম উন্নয়ন ও সমন্বয় বিভাগে পাঠানো হয়েছে। এস এম মফিদুল ইসলামকে অনুসন্ধান ও তদন্ত-৪ থেকে অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে সরানো হয়েছে।

পরিচালক মোহাম্মদ জহিরুল হুদাকে অনুসন্ধান ও তদন্ত-৪ এ পাঠানো হয়েছে। মীজানুল ইসলামকে দেওয়া হয়েছে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ এর দায়িত্ব।

পরিচালক আবুল হোসেনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে। তিনি এতদিন ছিলেন এনআইএস ও ইউএনসিএসির ফোকাল পয়েন্ট। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম আখতার হামিদ ভূঞাকে ঢাকায় প্রশিক্ষণ ও গবেষণা বিভাগে নেওয়া হয়েছে।

পরিচালক মো. রফিকুজ্জামান পেয়েছেন বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর দায়িত্ব। আরেক পরিচালক সৈয়দ তাহসীনুল হককে পাঠানো হয়েছে ঢাকা বিভাগীয় কার্যালয়ে।

দুদকের অপর আদেশে ৪২ উপপরিচালককে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, হবিগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর, ঝিনাইদহ, সিলেট, বাগেরহাট,দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে রদবদল করা হয়েছে।

গণআন্দোলনে গত অগাস্টে আওয়ামী লীগ সরকারপতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্বগ্রহণের পর সরকারের বিভিন্ন দপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। সেই ধারাবাহিকতায় দুদকের এ কর্মকর্তারাও নতুন দায়িত্ব পেলেন।