২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূত করে মেজর জেনারেল কবীরকে পাঠানো হল পররাষ্ট্র মন্ত্রণালয়ে

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের জন্যও একই আদেশ হয়েছে।

রাষ্ট্রদূত করে মেজর জেনারেল কবীরকে পাঠানো হল পররাষ্ট্র মন্ত্রণালয়ে
মেজর জেনারেল কবীর আহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 01:04 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদকে রাষ্ট্রদূত বানিয়ে সেনাবাহিনী থেকে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের জন্যও একই আদেশ হয়েছে। 

প্রেষণে বদলি করে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হলেও তাদের কোথাও পোস্টিং দেওয়া হয়নি।

যতদিন তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো মিশনের দায়িত্ব দেওয়া না হচ্ছে, ততদিন ধারা পররাষ্ট্র মন্ত্রণালয়েই থাকবেন। 

এক সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালকের দায়িত্ব পালন করা কবীর আহাম্মদ ২০২২ সালের মার্চে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পান। ওই বছর ২০ জুলাই পদোন্নতি পেয়ে তিনি মেজর জেনারেল হন। 

বিএমএর ২৪তম লং কোর্সে কমিশন পাওয়া কবীর আহাম্মদ সিলেট সেনানিবাসে ১১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর (সিটিআইবি) পরিচালক ছিলেন তিনি। 

রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়া আরেক কর্মকর্তা মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বিএমএর ২৫তম লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন পান। 

তিনিও এক সময় ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে সরওয়ার হোসেনকে চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। 

 এদিকে আরেক আদেশে সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে।