১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 01:41 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের করেছেন বিএনপির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক হয় বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

সকাল ১১টায় প্রতিনিধি দলটি ওই বাসায় প্রবেশ করে এবং ১১টা ৫০ মিনিটে বেরিয়ে আসে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলের অন্য সদস্যরা হলেন—ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

আব্দুল মঈন খান বলেন, “এটা তো বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে; কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে, বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘ এই বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে, কী আলোচনা করেছে, সেটা হয়ত সরকার আপনাদেরকে জানিয়েছে এবং তারাও আপনাদেরকে জানাবে। 

“আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়গুলো এবং সরকারের ভবিষ্যৎ নীতিমালার বিষয়গুলো।

“আপনারা জানেন, আজকের বিশ্বের বিভিন্ন ধরনের যে ঘটনাপ্রবাহ তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, আমাদের সাথে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”