২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাজার রক্ষায় ব্যর্থতা কেন বেআইনি নয়: হাই কোর্ট

মাজার ভাঙ্গা রোধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে যে আবেদনটি করা হয়েছিল, সেটি ২ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 08:13 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

সারাদেশে মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট। 

মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম জনস্বার্থে এ রিট করেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন মোহাম্মদ তৌফিক সাজওয়ার। 

তৌফিক সাজওয়ার সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙা রোধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণায়সহ সংশ্লিষ্টদের কাছে একটি আবেদন দিয়েছিলেন। এই বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা রিট আবেদন করেন, যাতে আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

“শুনানি শেষে দেশব্যাপী মাজার ভাঙা রোধ করা কেন ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে না এবং তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।” 

একই সঙ্গে মাজার ভাঙ্গা রোধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে যে আবেদনটি করা হয়েছিল, সেটি ২ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আদালত, জানান এই আইনজীবী।