ঢাকায় পৃথক ঘটনায় ‘পিটুনিতে’ ৩ জনের মৃত্যু
তিনজনের মধ্যে ইয়াসিন ও শরীফকে সকালে সায়েদাবাদ এলাকায় পিটিয়ে ফেলে রাখা হয়।
ঢাকার যাত্রাবাড়ীতে ‘গণপিটুনিতে’ দুই তরুণের মৃত্যু হয়েছে; ওয়ারীতে ফ্ল্যাট নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা।
নিহতরা হলেন- সাইদুল ইসলাম ইয়াসিন (১৯), সাইদ আরাফাত শরীফ (২০) এবং আলামিন ভুইয়া (৪২)।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে ইয়াসিন এবং শরীফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
ইয়াসিনের বাড়ি যাত্রবাড়ীর ধলপুর এলাকায়, তার বাবার নাম শাখাওয়াত হোসেন। আর একই এলাকার শরীফের বাবার নাম কবির হোসেন।
পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “ইয়াসিন ও শরীফকে সকালে সায়েদাবাদ এলাকায় পিটিয়ে ফেলে রাখা হয়। সেখান থেকে কে বা কারা তাদের যাত্রাবাড়ীতে রেখে যায়। পরে কয়েকজন ছাত্র তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। ”
সকাল সোয়া ১০টার দিকে দুই তরুণকে হাসপাতালে আনার পর শরীফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন মারা যান বলে পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
ওয়ারী হাটখোলা এলাকায় যিনি মারা গেছেন, তার নাম আলামিন ভুইয়া, তিনি একেএম সাহা লেনের মৃত শামসুদ্দিনের ছেলে। ফ্ল্যাট নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
আলামিনের স্ত্রী মুনমুন বলেন, প্রায় দেড় বছর আগে রিপন নামের এক ডেভেলপার ব্যাবসায়ীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন তারা। হাটখোলা এলাকার ওই ফ্ল্যাট রেডি হলেও এখনো তা বুঝিয়ে না দেওয়ায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
“সকালে ওই এলাকায় যাওয়ার পর রিপনের লোকজন পিটিয়ে আলামিনকে হত্যা করেছে।”
পরে স্বজনরা গিয়ে আলামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুন ঘটনাই সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
