১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৫ জেলায় বইছে তাপপ্রবাহ

গরমের উত্তাপ আরও দুদিন চলতে পারে বলে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 09:29 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

চৈত্রের তৃতীয় সপ্তাহ শেষে ঝাঁঝালো রোদ আর গরম অনুভূত হচ্ছে দেশের ১৫ জেলায়।

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ১০ টি জেলায় বয়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, গরমের উত্তাপ চলতে পারে আরও দুদিন।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

শনিবার দিনভর রোদের উত্তাপ ছিল রাজধানী ঢাকাতেও। গরমে হাঁসফাঁস করেছেন পথচারী আর শ্রমজীবী মানুষ। ঢাকায় এদিন তাপমাত্রার পারদ উঠেছিল সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬ তারিখে (সোমবার) ঢাকাসহ প্রায় সব বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কোথাও-কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এর আগ পর্যন্ত এরকম উত্তাপ বজায় থাকবে।”

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। এ জেলায় তাপমাত্রার পারদ ঠেকেছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। 

এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ১৯ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।