২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল: ২ পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি

তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 02:14 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গণহত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাভেদ ইকবাল ও উত্তরা থানার সাবেক ওসি মজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার এ আদেশ দেয়। 

ওসি মজিবুর রহমানকে ১৬ মার্চ এবং সহকারী কমিশনার জাভেদ ইকবালকে ১৮ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয় বলে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম জানান।

তিনি বলেন, “আজ ট্রাইব্যুনালে তিনটা বিষয় ছিল। একটা ২০১৭ সালের মামলা, যেটার আসামিরা অধিকাংশই মারা গেছেন। আরও দুইজন আসামি মৃত্যুবরণ করার কারণে আজ তাদের ব্যাপারে কারাগার থেকে রিপোর্ট এসেছে। 

“যেহেতু মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চলে না, সে কারণে কারা কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী সে অংশটুকু বাদ দেওয়া হয়েছে; অর্থাৎ সে অংশটুকু এখন থেকে আর চলবে না।” 

তাজুল বলেন, “দ্বিতীয় বিষয়টা ছিল উত্তরার হত্যাকাণ্ডের ঘটনা। আমরা তদন্ত রিপোর্টে দাখিলের জন্য ২ মাসের সময় চেয়েছি। আদালত সেটা মঞ্জুর করে ১২ মে পরবর্তী দিন ধার্য‌ করেছে। 

“একই মামলায় দুই জন আসামি সহকারী কমিশনার জাভেদ ইকবাল ও উত্তরা থানার ওসি মজিবুর রহমান – এ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে একদিনের জন্য হস্তান্তরের যে আবেদন ছিল, সেটিও আদালত মঞ্জুর করেছে।”

দুই পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এদের নেতৃত্বে ২ শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদঘাটন করার জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছি, আদালত অনুমতি দিয়েছেন।” 

তাজুল বলেন, “তৃতীয় আরেকটি বিষয় ছিল গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে। এখানে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা যাতে না পালিয়ে যেতে না পারেন, তাদের যাতে গ্রেপ্তার করা সম্ভব হয়, সে কারণে তাদের নাম ঠিাকানা আদালতেও প্রকাশ্যে কিছু বলিনি এবং আপনাদেরকেও বলতে পারছি না। 

“তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তার হলে আপনাদের জানাতে পারব।” 

এদিন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

ট্রাইব্যুনালের কৌঁসুলি বি এম সুলতান মাহমুদ জানান, আতিকসহ মোট ৯ আসামির তদন্ত প্রতিবেদন আগামী ১২ মে ট্রাইবুনালে দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।