গুণীজনদের ফেলোশিপ ও পুরস্কার দিল বাংলা একাডেমি
পুরস্কার ও ফেলোশিপ পাওয়া গুণীজনদের হাতে অর্থমূল্য, সম্মাননাপত্র, স্মারক তুলে দেন একাডেমির সভাপতি ও মহাপরিচালক।
বার্ষিক সাধারণ সভায় সাতজনকে ‘সাম্মানিক ফেলোশিপ’ ও নয়জনের হাতে আটটি পুরস্কার তুলে দিয়েছে বাংলা একাডেমি।
একাডেমি প্রাঙ্গণে শনিবার নানা আয়োজনের মধ্যে ফেলোশিপ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে বাংলা একাডেমি ‘সাম্মানিক ফেলোশিপ’ দেওয়া হয়েছে। তারা হলেন- ফিলিপ গাইন (সাংবাদিকতা), মাহবুব উল্লাহ (অর্থনীতি), সমর মজুমদার (শিল্পকলা), পারভীন হাসান (ইতিহাস), মেরিনা তাবাসসুম (শিল্পকলা), মতেন্দ্র মানখিন (সাহিত্য) এবং বিজন কুমার শীল (বিজ্ঞান)।
অনুষ্ঠানে চলতি বছরের সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে অধ্যাপক মনসুর মুসাকে। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন খসরু চৌধুরী।
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন সানাউল হক খান, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন হাফিজ রশিদ খান।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান, আবু রুশদ সাহিত্য পুরস্কার পেয়েছেন শিবব্রত বর্মন।
হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পেয়েছেন সফিক ইসলাম, রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন সুব্রত বড়ুয়া ও আনিসুর রহমান।
পুরস্কার ও ফেলোশিপ পাওয়া গুণীজনদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪৮তম বার্ষিক সভার কার্যক্রম শুরু হয়। দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। একাডেমির সচিব মো. সেলিম রেজা ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট তুলে ধরেন। একাডেমির সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন
