১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্লট বরাদ্দে ‘অনিয়ম’: হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ জুলাই দিন ঠিক করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশনা সরকারকে গেজেট আকারে প্রকাশ করতে হবে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ জুলাই দিন ঠিক করেছে আদালত।

আদালতে হাজির হতে আরও যাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন- সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য শফিউল হক, মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, সাইফুল ইসলাম সরকার, কাজী ওয়াছি উদ্দিন ও  শহীদ উল্লা খন্দকার।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম বলেন, “প্লট বরাদ্দে দুর্নীতির ৬টি মামলার আজ ধার্য তারিখ ছিল। পাঁচ মামলায় আসামিদের গ্রেপ্তার করা সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন পলাতক অবস্থায় রয়েছেন মর্মে প্রতিবেদন এসেছে। 

“আমরা আসামিদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের আবেদন করি। আদালত বিজি প্রেসের মাধ্যমে আসামিদের আদালতে  হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন।”

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সে দিন ভারতে পালিয়ে যান তিনি। তার পরিবারের অন্যরাও দেশের বাইরে।

তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। পরে কয়েক ধাপে ছয়টি মামলা করা হয়। এসব মামলার অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।