২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া, আলোচনা

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 08:22 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠানের কর্মসূচি রাখা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। দুপুর ২টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হবে আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠান।

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। দিনটিতে পত্র-পত্রিকায় ক্রোড়পত্রও প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

ওই দিন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে সব ইউনিটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পোস্টার প্রকাশের কথা বলেন রিজভী।

যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, ঢাকা মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, ঢাকা উত্তরের মোস্তফা জামান, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, যুবদলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের হাসান জাফির তুহিন, মহিলাদলের সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবকদলের জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের নাছির উদ্দীন নাছির, উলামদলের কাজী আবুল হোসেন, জাসাসের জাকির হোসেন রোকন, তাঁতী দলের মজিবুর রহমান উপস্থিত ছিলেন।