১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু: লোকোমাস্টার বরখাস্ত

বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু: লোকোমাস্টার বরখাস্ত
চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হাতিটি তিন দিন পর মারা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 07:41 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

কক্সবাজারের চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার ওই আদেশ দিয়েছে। সেইসঙ্গে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে।

চট্টগ্রামের লোহাগড়ার সংরক্ষিত চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে গত ১৩ অক্টোবর রাতে ট্রেনের ধাক্কায় আহত হয় আনুমানিক ১০ বছর বয়সী একটি মাদি হাতি। দলবেঁধে বিচরণের সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনের সঙ্গে ধাক্কা খায় হাতিটি।

এতে তার মেরুদণ্ড ভেঙে যায়। পেছনের ডান পা পুরো ভেঙ্গে হাড় বের হয়ে যায়। তাছাড়া মাথায় আঘাত লেগে কান ও সুর দিয়ে রক্তপাতও হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাতিটিকে ডুলাহাজরা সাফারি পার্কে নেওয়া হয়। কিন্তু ১৫ অক্টোবর বিকালে হাতিটি মারা যায়।

প্রাণ-প্রকৃতির বিরুদ্ধে গিয়ে চুনতি অভয়ারণ্যের মধ্য দিয়ে ‘উন্নয়নের রেললাইন’ স্থাপনের বিরোধিতা ছিল শুরু থেকেই। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন যে রেললাইন করা হয়েছে, সেটি গেছে এর মধ্য দিয়ে।

চুনতি অভয়ারণ্যের মধ্য দিয়ে যাওয়া এই রেললাইনের পাশ দিয়ে করা হয়েছে হাতি বিচরণ ও পারাপারের পথ, যেখানে দলবেঁধে বিচরণের সময় ট্রেনের ধাক্কায় হাতিটি ছিটকে পরে।

রেলওয়ে কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই ঘটনায় লোকোমাস্টারকে বরখাস্ত ছাড়াও রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে বুধবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (চট্টগ্রাম) আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) এবং বিভাগীয় যন্ত্র প্রকৌশলী লোকো (চট্টগ্রাম)।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং আশপাশের এলাকায় হাতির সুরক্ষা ও মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনের বিষয়ে সুপারিশমালা প্রদানে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসককে আহ্বায়ক করে গঠন করা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মোস্তফা ফিরোজ ও মনিরুল এইচ খান, আইইউসিএনের প্রতিনিধি, কোরিয়ান ইপিজেডের দুইজন প্রতিনিধি, ঢাকা বন ভবনের ইউএস ফরেস্ট সার্ভিসের কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল মোতালেব, সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন, অভয়ারণ্য- বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবাইয়া আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুনতাসির আকাশ ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।

এ কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা। 

পুরনো খবর-

বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে

চুনতি অভয়ারণ্যে রেললাইন: ট্রেনের ধাক্কায় মেরুদণ্ড ভেঙেছে হাতিটির

আহত সেই হাতির চিকিৎসা শুরু