১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আহত সেই হাতির চিকিৎসা শুরু

হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে; রিলিফ ট্রেন দিয়ে সহায়তার কথা বলেছে রেলওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 01:18 AM

Updated : 26 Aug 2026, 10:39 AM

চট্টগ্রামের লোহাগড়ার সংরক্ষিত চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেনে আঘাতপ্রাপ্ত বন্য হাতিটির চিকিৎসা শুরু হয়েছে; সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থাও করেছে বন বিভাগ। 

সোমবার রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মেরুদণ্ডে আঘাত পাওয়া মাদি হাতিটির চিকিৎসার পদক্ষেপ নেওয়ার তথ্য জানানো হয়েছে। 

চুনতি অভয়ারণ্যের মধ্য দিয়ে যাওয়া এ রেললাইনের পাশ দিয়ে করা হয়েছে হাতি বিচরণ ও পারাপারের পথ, যেখানে রোববার রাতে দলবেঁধে বিচরণ করার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে যায় একটি হাতি। 

এতে আট-দশ বছর বয়সি ওই মাদি হাতির মেরুদণ্ড ও পা ভেঙে যায়; দেহজুড়ে জখমও হয় হাতিটির। 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে চিকিৎসাসহ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়ানো এবং হাতিটির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।" 

হাতিটিকে চিকিৎসা দিচ্ছে ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের একটি চিকিৎসা দল। এর নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধর। 

তার পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেনারি অফিসার, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা অব্যাহত রেখেছেন বলে তথ্য দিয়েছে মন্ত্রণালয়। 

হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাতিটির কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি থাকায় এবং টানা বর্ষণে ওখানকার মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোনো যানবাহন হাতিটির কাছাকাছি পৌঁছাতে পারছে না। 

এজন্য বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

চুনতি অভয়ারণ্যে রেললাইনট্রেনের ধাক্কায় মেরুদণ্ড ভেঙেছে হাতিটির