Published : 19 Apr 2026, 07:29 PM
‘বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি’ বিবেচনায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে হাই কোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের প্রশাসন শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভার্চুয়াল কোর্ট পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে আদালতের বেঞ্চ অফিসারদের জরুরি ভিত্তিতে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
তাদের সোমবারের মধ্যে এই জুম আইডি ও পাসওয়ার্ড নিতে হবে।
হাই কোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করার জন্য যে আইন করা হয়েছে সে অনুসারে এবং হাই কোর্টের কার্যপদ্ধতি নির্দেশিকা অনুসরণ করে প্রতি সপ্তাহে দুই দিন এ আদালত পরিচালনা করা হবে।
এর জন্য জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, হাই কোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সকল বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যে-কোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে আইটি শাখায় উপস্থিত হতে হবে।
বিচারকাজে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ২০২০ সালের ৯ জুলাই ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ প্রণয়ন করে সরকার।
এর আগে কোভিড মহামারীর সময় বিচারকাজ সচল রাখতে সরকার জরুরি ভিত্তিতে একটি অধ্যাদেশ জারি করেছিল। পরবর্তীতে সংসদে আইনটি পাসের মাধ্যমে ওই অস্থায়ী অধ্যাদেশটি রহিত করা হয়।
নতুন এই আইনে বলা হয়, অস্থায়ী অধ্যাদেশটি বাতিল হলেও ওই সময়ে ভার্চুয়াল আদালতে সম্পন্ন হওয়া সব কাজকর্ম ও বিচারিক সিদ্ধান্ত এই নতুন আইনের অধীনেই বৈধ বলে গণ্য হবে।
এ আইনের ৩ ধারা অনুযায়ী, যে-কোনো আদালত অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে বিচারপ্রার্থী, আইনজীবী বা সাক্ষীদের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করে মামলার বিচার, অনুসন্ধান, আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক এবং রায় বা আদেশ দিতে পারবে।
আইনের ৪ ধারা অনুযায়ী, এভাবে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করা হলে তা সশরীরে উপস্থিতির আইনি বাধ্যবাধকতা পূরণ করেছে বলে গণ্য হয়।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দেশের সব আদালতে পুনরায় সশরীরে বিচারকাজ শুরু হলেও, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সাশ্রয়ের নতুন বাস্তবতায় এই আইনি কাঠামোর অধীনেই আবারও আংশিকভাবে ভার্চুয়াল কোর্টে ফিরল সর্বোচ্চ আদালত।