২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরলেন কর্মীরা, মেট্রোরেল চালু রোববার

পরীক্ষামূলক চলাচল শুরু হবে বুধবার সকালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 04:01 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল চালু করা হবে আগামী রোববার।

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল সকাল থেকে ট্রায়াল শুরু হবে, রোববার থেকে মেট্রোরেল অপারেশনে যাবে অর্থাৎ যাত্রীসহ চালু করতে নির্দেশনা এসেছে।”

ডিএমটিসিএলের উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, “সকল কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছে, আজ থেকে লাইন চেকের কাজ চলছে। চেক শেষে ট্রায়াল শুরু হবে। 

“মেট্রোরেল চালানোর জন্য সকল ধরনের প্রস্তুতি চলছে। আশা করি, শিগগিরই অপারেশনে যেতে পারব।"

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্মবিরতিতে থাকা মেট্রোরেলের কর্মচারীরা কাজে ফিরেছেন। আগামী রোববার থেকে মেট্রোরেল চালুর বিষয়ে কর্তৃপক্ষ ‘আশাবাদী’।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এহছানুল হক মঙ্গলবার সচিবালয় স্টেশন পরিদর্শন করেছেন। এরপর তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করে দ্রুত মেট্রোরেল চালুর বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।

তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলে জানান এহছানুল হক। 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জুলাই বিকালে বন্ধ হয়ে যায় মেট্রোরেল। পরদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা চালানো হয় পল্লবী ও ১১ নম্বর স্টেশনে। এরপর থেকেই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এর মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হলে ‘বৈষম্যহীন’ বেতন কাঠামোসহ ছয় দাবিতে ৮ অগাস্ট থেকে কর্মবিরতি শুরু করেন মেট্রোরেলের ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। তারা মঙ্গলবার কাজে ফিরেছেন বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

গত ১১ অগাস্ট মেট্রোরেল পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছিলেন, মেট্রোরেল পুরোদমে চালুর আগে পরিস্থিতি যাচাই-বাছাইয়ে মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালানোর প্রস্তুতি চলছে। আর পরীক্ষামূলক চলাচল শেষে ১৭ অগাস্ট থেকে তা চালু করতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু রেল চালুর জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু না হওয়ায় তা সম্ভব হয়নি। এখন নতুন করে ২৫ অগাস্ট মেট্রোরেল চালুর দিন ঠিক করা হলো।